নিউটার্ন প্রতিবেদক : প্রায় দেড় বছর ধরে অচল থাকার পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।এ ছাড়া গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নুর খান ও নাবিলা ইদ্রিসকে কমিশনের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
কমিশনের অপর দুই কমিশনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান। ৫ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী উল্লেখিত ব্যক্তিদের নিয়োগ প্রদান করিল।’
জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর কমিশন পুনর্গঠন করা হয়নি। তবে অন্তর্বর্তী সরকার একেবারে শেষ সময়ে এসে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে তোড়জোড় শুরু হয়। অবশেষে বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
নিউটার্ন/এআর
Newturn24.com Latest News Portal