নিউটার্ন প্রতিবেদক : রাজধানীর ভাটারা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা পার্বত্য অঞ্চলের ১২ নারীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান এসআরবি-১ এর অধিনায়ক নেয়ামুল হালিম খান।

তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের নারীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের চীনে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। এই চক্রের মূল হোতা চিহ্নিত এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান থেকে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ৪৩০ লিটার বিদেশি মদ এবং ১৫৫ লিটার বিয়ারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সংস্থাটি।

এসআরবি-১ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের চীনে নিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চ বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের একটি বাসায় আটকে রাখা হয়। এ সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয় বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান শেষে উদ্ধার হওয়া ১২ নারীকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি-১। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

‎এসআরবি-১ আরও জানিয়েছে, মানব পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের উদ্ধার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউটার্ন/এআর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *