নিউটার্ন প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বীন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় একটি মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মাওলানা রেজাউল বারী। তিনি শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মা জানান, মেয়ের জ্বীনসংক্রান্ত সমস্যার সমাধানের আশায় গত ২০ সেপ্টেম্বর তিনি মাওলানা রেজাউল বারীর শরণাপন্ন হন। সে সময় অভিযুক্ত তাঁকে কিছু তাবিজ-কবজ দেন। তবে কিছুদিন পর কিশোরী পুনরায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ নভেম্বর তিনি আবারও খতিবের সঙ্গে যোগাযোগ করেন। তখন রেজাউল বারী সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে কিশোরীকে পরিবারের সদস্যদেরসহ রাতে তাঁর বাড়িতে আসতে বলেন। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে শ্রীনগর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের অভিযুক্তের বাড়িতে যায়। সেখানে রেজাউল বারী তাঁদের একটি কক্ষে নিয়ে গিয়ে খাটের এক কোণে বসতে বলেন। একপর্যায়ে জ্বীন হাজির করার কথা বলে তিনি কক্ষের সব আলো নিভিয়ে দেন। ঘর অন্ধকার হয়ে গেলে বিভিন্ন কৌশলে ভুক্তভোগীকে অসহায় করে তিনি জোরপূর্বক যৌন নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার শ্রীনগর থানায় গিয়ে বিষয়টি জানায়। কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত রেজাউল বারীকে আটক করে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।নিউটার্ন/এআর Post Views: 35 Post navigation দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র সফল অভিযান, প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার