মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর ।।

দিনাজপুরে বিরল উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাত ৪৭৫ পিস ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। সোমবার (১৬ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে এর ভয়াবহ ছোবল থেকে সুরক্ষিত রাখতে ব্যাটালিয়নটি প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই ধারাবাহিকতায়, গত ১৫ নভেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি’র অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরবর্তীতে অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ৪৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, এসব উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৫ হাজার টাকা।
এই উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা তাদের সেই অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের সনাক্ত করাও আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে আমাদের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *