ঢাকা :

      পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একযোগে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

      আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ইউএনডিপি’র উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

      সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছে। বর্তমান সরকার এই অঞ্চলের দুর্গম এলাকায় সকল প্রকার নাগরিক সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতির চাকাকে আরো শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর।

      ইউএনডিপি’র চলমান কার্যক্রমের সাথে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে পার্বত্য চট্টগ্রামে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপি বাংলাদেশ সরকারের পাশে থেকে তাদের সহযোগিতা আরও জোরদার করবে।

      বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় টেকসই কৃষি পদ্ধতি, উদ্যানপালন (হর্টিকালচার), মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ইউএনডিপি প্রশিক্ষণ ও অনুদান প্রদান করে আসছে। এছাড়া ‘পাড়া উন্নয়ন কমিটি’ গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হচ্ছে।

      প্রতিনিধিদল আরো জানায়, পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণে কমিউনিটি-ভিত্তিক প্রকল্প পরিচালনা করছে ইউএনডিপি। পাশাপাশি পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরিতে সংস্থাটি কাজ করে যাচ্ছে।

      সাক্ষাৎকালে ইউএনডিপি’র কান্ট্রি অফিস বাংলাদেশে নিযুক্ত রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ Stephen Rodriques, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মোঃ আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং উপস্থিত ছিলেন।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *