মাত্র আট দিন আগে কেনা হায়ার (Haier) ব্র্যান্ডের নতুন ওয়াশিং মেশিনে ইনস্টলেশনের প্রথম দিন থেকেই অতিরিক্ত শব্দ, কম্পন ও নিজ অবস্থান থেকে সরে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। অভিযোগের পর মেশিনটি সার্ভিস সেন্টারে নেয়া হলেও মেরামতের পর সেটি গ্রহণ করতে অনিচ্ছা জানিয়েছেন তিনি। তার দাবি, নতুন পণ্য কেনার সাত-আট দিনের মাথায় মেরামত করা মেশিন নেয়ার পরিবর্তে সম্পূর্ণ নতুন মেশিন প্রতিস্থাপনের সুযোগ থাকা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জাবির মাহমুদ জানান, তিনি হায়ারের ১০.৫ কেজি ধারণক্ষমতার ফ্রন্ট-লোড ওয়াশিং মেশিন (মডেল: HWD105-B14959S8U1) কিনেছিলেন। তবে ইনস্টলেশনের প্রথম দিন থেকেই মেশিনটিতে অস্বাভাবিক শব্দ, অতিরিক্ত কম্পন এবং চালু অবস্থায় জায়গা থেকে সরে যাওয়ার সমস্যা দেখা দেয়। জাবির মাহমুদ জানান, বিষয়টি জানাতে হায়ারের কল সেন্টারে একাধিকবার যোগাযোগ করেও কার্যকর সমাধান পাননি। প্রথমে সার্ভিস এরিয়ার ইনচার্জ মেশিন পরিবহনের সম্পূর্ণ খরচ তাকে বহন করতে বলেন। পরে এক হাজার টাকা দেয়ার কথা জানানো হয়। শেষ পর্যন্ত এরিয়া ম্যানেজারের সঙ্গে যোগাযোগের পর গত রোববার বিনা খরচে মেশিনটি সার্ভিস সেন্টারে নেয়া হয়। সার্ভিস সেন্টারের ব্যাখ্যা গ্রাহকের ভাষ্য অনুযায়ী, সার্ভিস সেন্টার থেকে জানানো হয়েছে, মেশিনের ড্রামের নিচে থাকা তিনটি শক অ্যাবজরবারের (জাম্পার) মধ্যে দুটিতে অতিরিক্ত গ্রিজ জমে থাকায় সেগুলো নিজ অবস্থান থেকে সরে গিয়েছিল। অতিরিক্ত গ্রিজ পরিষ্কার করে যন্ত্রাংশগুলো যথাস্থানে বসানোর পর মেশিনটি স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টারের ইনচার্জের বক্তব্য, জাম্পারগুলো পরিবর্তনের প্রয়োজন নেই। তবে গ্রাহকের উদ্বেগ বিবেচনায় চাইলে কোম্পানি থেকে নতুন অরিজিনাল জাম্পার এনে প্রতিস্থাপন করে দেয়া হবে। কিন্তু সার্ভিস সেন্টারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন জাবির মাহমুদ। তার প্রশ্ন, ইনস্টলেশনের প্রথম দিন থেকেই সমস্যা দেখা দিলে সেটিকে উৎপাদন বা কারখানায় সংযোজনজনিত ত্রুটি হিসেবে বিবেচনা করা হবে কি না। নিজের কোনো ভুল না থাকা সত্ত্বেও নতুন পণ্য কেনার পরপরই কেন তাকে এমন ভোগান্তিতে পড়তে হলো, সে প্রশ্নও তুলেছেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ না পাওয়ার অভিযোগ পোস্টে হায়ার বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যবস্থাপনার ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন ওই গ্রাহক। তার দাবি, প্রথম দিন থেকেই একাধিকবার অভিযোগ জানানো এবং বিষয়টি ব্যবস্থাপনা পর্যায়ে পাঠানোর অনুরোধ করা হলেও এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। জাবির মাহমুদের অভিযোগ, পণ্য বিক্রির পর গ্রাহকসেবার বিষয়ে প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিয়ে তার নেতিবাচক অভিজ্ঞতা হয়েছে। হায়ারের পণ্য ও বর্তমান সার্ভিস কার্যক্রমের ইতিবাচক দিক তিনি অস্বীকার করছেন না। তবে নিজের অভিজ্ঞতাকে প্রতিষ্ঠানটির বিক্রয়-পরবর্তী সেবার একটি বাস্তব উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তিনি জানতে চেয়েছেন, প্রথম দিন থেকেই ত্রুটি দেখা দেয়া নতুন পণ্যের ক্ষেত্রে গ্রাহক হিসেবে সম্পূর্ণ মেশিন প্রতিস্থাপনের দাবি জানানো কতটা যৌক্তিক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য গ্রাহকদের কাছে পরামর্শ চেয়েছেন—বর্তমান জাম্পার মেরামত করে কিংবা নতুন যন্ত্রাংশ লাগিয়ে মেশিনটি গ্রহণ করা উচিত, নাকি সম্পূর্ণ নতুন মেশিনের জন্য দাবি জানানো উচিত। (মেইল থেকে) Post Views: 8 Post navigation গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিংজোর দিতে হবে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও আস্থায়