রোম, ১৯ জুলাই:

ইতালিতে বাংলাদেশ দূতাবাস রোমে, যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইতালির নাগরিক, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

জুলাই গণআন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরবর্তীতে ‘জুলাই শহিদ দিবস’-এর তাৎপর্য নিয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা জুলাই গণআন্দোলনের প্রেক্ষাপট এবং এ আন্দোলনকে সর্বজনীন রূপ দেয়ার ক্ষেত্রে দেশের শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে জুলাই গণআন্দোলনে আত্মদানকারী শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম আকরাম, শহিদ মুগ্ধসহ সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাঁদের আত্মার মাগফেরাত এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান-স্বীকৃতি, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতকল্পে অঙ্গীকারবদ্ধ। তিনি জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগ থেকে শক্তি ও প্রেরণা নিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফেরাত, আহতদের পূর্ণ সুস্থতা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *