ঢাকা :
আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি বলেন, এই কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সাথে সম্পৃক্ত করতে হবে।
আজ মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। তবে আমরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকে যেন বাড়ির সামনে, আঙিনায় কিংবা বসবাসের আশপাশে সুযোগমতো অন্তত একটি করে গাছ লাগায়। এ জন্য শিক্ষার্থীদের বাড়ি ফিরে অভিভাবকদের গাছ লাগানোর বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের সাথে যুক্ত করতে হবে।
তিনি বলেন, আমরা সবাই যদি একটি করে গাছ লাগাই, তাহলে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিতে প্রত্যেকে অংশীদার হতে পারব। আমাদের সম্মিলিত উদ্যোগই একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে।
এসময় তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *