এস. এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম আজ বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা সরকারি করার জোরালো দাবি উত্থাপন করেছেন।
সংসদে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মিদের তুলনায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষক সমাজের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে সরকারি করা প্রয়োজন।
অধ্যক্ষ আব্দুল আলিম আরও বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হলে শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা বৃদ্ধি পাবে, শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভের অধিক সুযোগ পাবে।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং দেশের সার্বিক শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদে উত্থাপিত এ দাবির প্রতি দেশের বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, সরকারের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হবে এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *