--- কৃষি সচিব

রংপুর :

      দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান।

      আজ রংপুরে রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষি সচিব এ কথা জানান।

      সভায় কৃষি সচিব বলেন, দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সারের পর্যাপ্ত সরবরাহ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। কৃষক যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে। তিনি বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার সারে ভর্তুকি প্রদানসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং কৃষিকে আরো লাভজনক করার লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

      কৃষি সচিব কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় ও সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সার ব্যবহারে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি মাটির গুণাগুণ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কৃষকদের সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।

      সারের বাজারে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে কৃষি সচিব বলেন, কোনো অসাধু সার ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুত বা অতিরিক্ত দামে সার বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের স্বার্থে সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

      সচিব কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে আরো যত্নশীল ও দায়িত্বশীল হয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। কৃষকদের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

      পরে কৃষি সচিব রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক অহিদুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন করেন। এসময় তিনি খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং অহিদুল ইসলামের সাথে কথা বলেন।

      রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ রংপুর বিভাগের সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *