ঝিনাইদহ : প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী কয়েক বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৯ তলাবিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। আজ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের বিদ্যমান ৩১ শয্যা ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি। কেবল স্বাস্থ্যখাত নয়, বরং দেশের চিকিৎসা পদ্ধতিই পরিবর্তন করা হবে। সাখাওয়াত হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হাসপাতালের ওষুধ ক্রয়েও দুর্নীতি হয়েছে। দেশের স্বাস্থ্যখাতকে নতুন একটি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে চিকিৎসা খাতকে আরো মানসম্মত করতে চাই। চিকিৎসক সংকট, ওষুধ সংকট ও রোগীদের সেবা সহজীকরণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। মন্ত্রী বলেন, আগামীতে ১৫১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালুর পর এসব হাসপাতালে প্রসূতি নারীদের জন্য ২৫ শয্যার বিশেষ ওয়ার্ড রাখা হবে। শিশুদের জন্য ২০ শয্যার পৃথক ওয়ার্ড রাখা হবে। এই হাসপাতালগুলোতেই কিডনি ডায়ালাইসিসের মতো সেবা আমরা চালু করার পরিকল্পনা হাতে নিয়েছি। এগুলো বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যখাত ও চিকিৎসা সেবার পদ্ধতিই বদলে যাবে। পরিদর্শনকালে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সার্বিক খোঁজখবর নেন। একইসাথে হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও খাবারের মান নিয়েও রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মেহেরপুরে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।-ত.বি. Post Views: 6 Post navigation রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তন অচিরেই দৃশ্যমান হবে—আসাদুল হাবিব দুলু