দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের আওতাভুক্ত দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এবং জাপান বাংলা ব্রীজ রিক্রুটিং এজেন্সি লিঃ-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতার আওতায় কলেজের শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জাপানি ভাষা শিক্ষা কোর্স পরিচালনা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনাসহ অন্যান্য সহায়তামূলক কার্যক্রমে যৌথভাবে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারক দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতায় উন্নীত করবে এবং জাপানে উচ্চতর কর্মসংস্থানের দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক ও গভর্নিং বডির সদস্য ডাং জিয়াউল হক জিয়া, মেডিকেল এডুকেশন পরিচালক ডাং এ এফ এম মোস্তফা সরকার, কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এবং সচিব মো: শাহজাহান আলীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অন্যদিকে জাপান বাংলা ব্রীজ রিক্রুটিং এজেন্সি লিঃ-এর পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার রোকন উদ্দিন, প্রধান অ্যাকাউন্ট ম্যানেজার মো: আমান উল্লাহ এবং এইচ আর অ্যান্ড এডমিন মো: রাজুয়ানুর রহমান।

উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রম আরও সম্প্রসারণ এবং নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *