ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২৪ আগস্ট ২০২৬ সোমবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং প্রকৌশলী ময়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক রাকিন নাওয়ার।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, চারুকলার বহু শিক্ষক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত। বর্ষবরণ উদ্যাপনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে চারুকলা অনুষদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ-অভ্যুত্থান ও ২৪-এর গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে চারুকলা অনুষদ অনন্য ভূমিকা রেখেছে। যেকোন গণতান্ত্রিক আন্দোলনে চারুকলার এই ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্তির ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিবছর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্যোমী ও পরিশ্রমী করে তোলে। তিনি শিক্ষার্থীদের শৈল্পিক কাজ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ১৩জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন– এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী ঝলক সাহা (আনোয়ারুল হক পুরস্কার, সকল মাধ্যমে শ্রেষ্ঠ), বিএফএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৈকত কুমার মিস্ত্রী (রফিকুন নবী বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার বিএফএ), এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী নিহা রানী দাস (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, নিরীক্ষাধর্মী কাজ), বিএফএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোছা. মোমেনুন নেছা সুরমা (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, তেলরং), বিএফএ ৩য় বর্ষের শিক্ষার্থী অভিজিৎ চন্দ্র দে (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, জলরং), বিএফএ ২য় বর্ষের শিক্ষার্থী তাসনিম তারেক তূর্ণা (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, পেনসিল), এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী মো. ফাহিম চৌধুরী (শ্রেষ্ঠ পুরস্কার, ড্রইং), বিএফএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী আল-ফুরকান নয়ন (কাজী আব্দুল বাসেত স্মৃতি পুরস্কার), এমএফএ ১ম পর্বের শিক্ষার্থী নৈঋতা পাল কৃষ্ণা (দেলোয়ার হোসেন স্মৃতি পুরস্কার), এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী মং সোনাই রাখাইন (মাহবুবুল আমিন স্মৃতি পুরস্কার), এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী দেবাজ্যোতি বর্ষণ (মতলুব আলী স্মৃতি পুরস্কার), বিএফএ ১ম বর্ষের শিক্ষার্থী শাশ্বত মজুমদার কাব্য (শহীদ শাহনেওয়াজ স্মৃতি পুরস্কার) এবং বিএফএ ১ম বর্ষের শিক্ষার্থী প্রিয়াস দাস (বিশেষ পুরস্কার, পেনসিল)।
উল্লেখ্য, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বিএফএ এবং এমএফএ-এর ৭২জন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

The University of Dhaka পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *