মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান সরকার শিক্ষকদের সঠিক মূল্যায়ন করবে। ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে। স্কুল ফিডিংয়ের মাধ্যমে কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১২ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “এলাকাবাসীদের নিজ নিজ স্কুলের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। আপনাদের স্কুলের যেসব পুরোনো শিক্ষার্থী রয়েছেন, তাদেরও স্কুলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে স্কুলের প্রতি সবার দায়িত্ববোধ তৈরি হবে এবং বিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে।” ম্যানেজিং কমিটি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “ম্যানেজিং কমিটি কোনো রাজনৈতিক বিষয় নয়। স্কুলের এলাকার মানুষের অংশগ্রহণের ভিত্তিতে এই কমিটি গঠন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো এলাকাবাসীকে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করা। এলাকাবাসী যুক্ত থাকলে বিদ্যালয়টি আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে।” জেলা প্রশাসক র‌ফিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট) ইসরাত জাহান, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের পরিচালক মোঃ আজিজুর রহমান।
এ ছাড়াও মন্ত্রী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *