• ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী


বান্দরবান :

তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, মাদক কেবল নিয়ন্ত্রণ করাই আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের চূড়ান্ত উদ্দেশ্য হলো সমাজ থেকে একে সম্পূর্ণরূপে নির্মূল করা।
গতকাল বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদক এক নিঃশব্দ ঘাতক-যা একটি সম্ভাবনাময় প্রাণের ইতি ঘটায়, একটি পরিবারকে নিঃস্ব করে এবং পুরো জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধের এ সংগ্রামে দেশের প্রতিটি পরিবারকে সচেতনতার দুর্গে পরিণত হতে হবে। পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলার সরঞ্জাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে দিতে হবে। তারা যেন কোনোভাবেই পথ না হারায়, সে জন্য খেলাধুলা, সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক। মাদকের জোগান বন্ধে মাদক কারবারিদের বিরুদ্ধে যেমন কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে, তেমনি মাদকের চাহিদা শূন্যে নামিয়ে আনতে পাড়া-মহল্লায় এক অপ্রতিরোধ্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বান্দরবানের পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সুধী সমাবেশে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বান্দরবান জেলা প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *