মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রোগ হওয়ার পর প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ। আগে থেকেই সচেতনতা তৈরি এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য টিকাদান কর্মসূচি সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।আজ রাজধানীর খামারবাড়ি তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এ বছরের প্রতিপাদ্য- ‘Stronger Together: একসাথে, আরও শক্তিশালী- জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’।প্রতিমন্ত্রী বলেন, শহরাঞ্চলের মানুষের মধ্যে জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা তুলনামূলকভাবে বেশি হলেও প্রান্তিক পর্যায়ে এ বিষয়ে সচেতনতা কম। ফলে সেখানে রোগে আক্রান্ত ও মৃত্যুর ঘটনাও বেশি দেখা যায়। এ কারণে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। এ লক্ষ্যে আগের মতো সারা দেশে কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের প্রান্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে রোগ নিয়ন্ত্রণ, প্রাণির স্বাস্থ্য সুরক্ষা এবং কৃষক ও খামারিদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। এজন্য প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়াতে আরো বেশি সভা, সেমিনার ও প্রচার কার্যক্রম গ্রহণ করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জলাতঙ্ক প্রতিরোধ তদারকি বৃদ্ধি করতে হবে।প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো: রেজাউল আমিন। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো: বয়জার রহমান। আলোচনা সভায় উপস্থাপিত প্রবন্ধে দেশে জলাতঙ্ক পরিস্থিতি, প্রতিরোধ কার্যক্রম, কুকুরের টিকাদান কর্মসূচি এবং ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।এর আগে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি রাজধানীর খামারবাড়ি রোড প্রদক্ষিণ করে তুলা ভবনে শেষ হয়। এসময় প্রাণিসম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, ভেটেরিনারিয়ান, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। -ত.বি. Post Views: 11 Post navigation ছবি : প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ