সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘বিশাল গরু পার্টি’ শিরোনামে আইইউটিয়ানদের এক পুনর্মিলনী অনুষ্ঠান। আয়োজকদের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে ৪০০-এরও বেশি প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আইইউটির পরিচিত ‘গরু পার্টি’ ঐতিহ্যকে কেন্দ্র করে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আইইউটির ক্যাম্পাস সংস্কৃতিতে ‘গরু পার্টি’ বলতে সাধারণত স্নাতক হতে যাওয়া ব্যাচের উদ্যোগে অন্যান্য শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যদের জন্য ভোজ এবং পরবর্তী সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে বোঝায়। দীর্ঘদিন ধরে এই ঐতিহ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে। IUTian Sydneysiders জানায়, অস্ট্রেলিয়ায় ২০১৯ সালে সিডনিতে প্রথমবারের মতো ‘গরু পার্টি’ থিমে একটি অ্যালামনাই অনুষ্ঠান আয়োজন করা হয়। পরবর্তী বছরগুলোতে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নের প্রাক্তন আইইউটিয়ানরাও একই ধারণায় অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করেন। এ বছর ‘বিশাল গরু পার্টি’ শিরোনামে পুনর্মিলনীটি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়াজুড়ে বসবাসরত আইইউটিয়ানদের আরও বৃহত্তর পরিসরে একত্রিত করা। দিনব্যাপী এ আয়োজনে ছিল পরিচিতি ও মতবিনিময়, ব্যাচভিত্তিক পুনর্মিলন এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন পর্ব। দীর্ঘদিন পর সাবেক সহপাঠী ও পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপর পরিবেশিত হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত। মূল সাংস্কৃতিক পর্বে প্রাক্তন আইইউটিয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে নাটক, নৃত্য এবং ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাংস্কৃতিক পর্বকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের মতে, এ পুনর্মিলনীর অন্যতম লক্ষ্য ছিল প্রাক্তন আইইউটিয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য একটি অংশগ্রহণমূলক ও পারিবারিক পরিবেশ তৈরি করা এবং পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করা। অনুষ্ঠানের শেষপর্বে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্ন থেকে আগত প্রাক্তন আইইউটিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। IUTian Sydneysiders-এর প্রতিনিধিরা জানান, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত আইইউটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন জোরদার করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়। ভবিষ্যতেও অ্যালামনাই কমিউনিটির সদস্যদের একত্রিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।-প্রেস রিলিজ Post Views: 25 Post navigation জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ মিছিল কাল