রাউজান, চট্টগ্রাম :
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের চলমান সমস্ত ডিজিটাল সেবা এবং সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং বাংলাদেশি প্রকৌশলীদের নিজস্ব মেধা ও শ্রমে তৈরি করা হয়েছে। এমনকি সাশ্রয়ী খরচে প্রস্তুতকৃত একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবকও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একজন শিক্ষার্থী।
আজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, চুয়েটে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের মেধার এক অনন্য ও বিশেষ অংশে নিজেদের যুক্ত করেছেন। জীবনের এই নতুন অধ্যায়কে অর্থবহ করে তুলতে হলে শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়, গবেষণামুখী দৃষ্টিভঙ্গি এবং নিজেদের প্রতিনিয়ত সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রকৌশলীদের সুনামের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স এবং স্যামসাং-এর মতো বিশ্বখ্যাত বৈশ্বিক প্রতিষ্ঠানে চুয়েটিয়ানরা দক্ষতার সাথে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন বর্তমান শিক্ষার্থীরাও একদিন তাদের মেধা দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে।
ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমি অ্যাপ’-এর সাহায্যে নাগরিকরা এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি (মিউটেশন) এবং ই-পর্চাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা অনায়াসে গ্রহণ করতে পারছেন। এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি ও সার্বিক কার্যক্রম তদারকির জন্য জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে।
তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, ছাত্রজীবনে সাফল্য-ব্যর্থতা কিংবা আনন্দ-বেদনা আসতেই পারে, তবে কোনো অবস্থাতেই মাদকের পথে পা বাড়ানো যাবে না। মাদক কখনো কোনো সংকটের সমাধান হতে পারে না, বরং এটি মানুষের মেধা, অপার সম্ভাবনা এবং উজ্জ্বল ভবিষ্যৎকে চিরতরে স্তব্ধ করে দেয়। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও ইতিবাচক মানসিকতা নিয়ে সমস্ত প্রতিকূলতা জয় করার পরামর্শ দেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *