নিউটার্ন ডেস্ক :কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় আগুনে অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়াস সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেন। রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কক্সবাজার টেকনাফ মেরিন-ড্রাইভ সড়কের ওপর অবস্থিত। শনিবার সকাল সোয়া সাতটার দিকে সেখানে আগুনের খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বেলা ১১টার দিকে বিবিসি বাংলাকে জানান, টুপ টুপ নামের একটি রিসোর্টে আগুন লেগেছে বলে ৭টা ২৩ মিনিটের দিকে তারা খবর পান। আটটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।বিবিসি সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে জানিয়ে উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, এখন পর্যন্ত ছয় জনকে আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ওই রিসোর্টটিতে অবস্থানকারী দুই জনের বরাত দিয়ে তিনি জানান, তারা ঘটনার সময় হাঁটতে বের হয়েছিলেন বলে বেঁচে গেছেন। উদ্ধারকাজ এখনো চলছে বলেও জানান তিনি। কতজন ছিলেন রিসোর্টটিতে?উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, তারা ঘটনাস্থলে আছেন এবং এখনো প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলছে। ফলে এখনই ঘটনা সম্পর্কে অনেক কিছুই নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মিজ পান্না আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান, “গতকাল রাতে ওই রিসোর্টে ২০ জনের মতো ছিল বলে আমরা তথ্য পাচ্ছি, যার মধ্যে দুই জন চেক আউট করে চলে গিয়েছিল। ফলে ১৮ জনের মতো ছিল বলে আমরা একটা তথ্য পাচ্ছি।” তিনি জানান, সেখানে আসলেই কতজন ছিলেন এবং তাদের পরিচয় সম্পর্কে জানতে রিসোর্ট মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। নিহতদের মধ্যে ছয় জন একই পরিবারের সদস্য- এমন একটি তথ্য ঘটনাস্থলে থাকা কয়েকজন দিয়েছেন জানিয়ে তিনি বলেন, “রিসার্টে অবস্থানকারী পর্যটকদের কয়েকজনের পরিবার এখানে আসছে বলে জানতে পেরেছি আমরা। তারা এলে কথা বলে বোঝা যাবে। মরদেহের পরিচয় বোঝা যাচ্ছে না। ফলে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।” স্থানীয় প্রশাসনের লোকজনের পাশাপাশি একাধিক আইনশৃঙ্খলা বাহিনীও ঘটনাস্থলে আছে বলে জানান স্থানীয় গণমাধ্যমকর্মি আবদুর রহমান। এছাড়া, এই রিসোর্টে যে পর্যটকরা ছিলেন, তাদের কারও কারও পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত হয়েছেন। ঘটনার পরপরই রিসোর্টটির কর্মচারীরা পালিয়ে যায় বলে মি. রহমান উল্লেখ করেন। Post Views: 37 Post navigation অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার