--- বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

ঢাকা :

        বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, রূপপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক মাইলফলক। এ প্রকল্প দেশের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। 

        আজ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) কর্তৃক আয়োজিত বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এসব কথা বলেন। আইএইএ (IAEA), বায়েরা (BAERA), বায়েক (BAEC) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সহযোগিতায় এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

        বিজ্ঞান সচিব তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ক্রিটিক্যালিটি গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে  সফলভাবে অর্জিত হয়েছে এবং খুব শীঘ্রই জাতীয় গ্রিডে সংযোগ প্রদানের মাধ্যমে এটি দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভূমিকা রাখবে। দেশের তরুণ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

        সচিব আরো বলেন, পারমাণবিক খাতে শুধু উৎপাদনই শেষ কথা নয়; এর অপারেশন, রেগুলেশন এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাতিষ্ঠানিক ও অপারেশনাল উভয় স্তরেই সর্বোচ্চ নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে হবে। প্রযুক্তি একা নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, এজন্য এর সাথে সংশ্লিষ্ট জনবলকেও প্রশিক্ষিত ও সচেতন হতে হবে।

        অনষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সচিব বলেন, আইএইএ-এর বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এবং নিজেদের দক্ষতা বাড়াতে হবে। এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের পারমাণবিক খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গঠনে অনন্য ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি বিজ্ঞানীদের পারদর্শিতা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, IAEA -সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ন্যায্য স্থান ও অংশীদারিত্ব নিশ্চিত করতে কর্মকর্তাদের দক্ষতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

        অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রয়োগ করে দেশে একটি নিরাপদ, সুরক্ষিত ও টেকসই পারমাণবিক শক্তি কর্মসূচি গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবেন।

        সভাপতির বক্তব্যে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদের স্বাগত জানিয়ে  মানবসম্পদ উন্নয়নে সহায়তার জন্য আন্তর্জাতিক সংস্থাকে ধন্যবাদ জানান।

        চার সপ্তাহের এ প্রশিক্ষণ অনুষ্ঠানে আইএইএ হতে আগত চার জন (কর্মকর্তা ও বিশেষজ্ঞ) টেকনিক্যাল অফিসার রাহিলা হাম্মাদ; আইএইএ অফিসার বেনোইট গ্যাব্রিয়েল; আইএইএ বিশেষজ্ঞ: মেহমেত তোম্বাকোগল; আইএইএ বিশেষজ্ঞ বারিস গুরনার-সহ দেশীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ প্রদান করবেন।

        অনুষ্ঠানে বায়েরা, বায়েক এবং এনপিসিবিএল-এর বিভিন্ন পর্যায়ের ৪০ জন (নবীন বিজ্ঞানী ও প্রকৌশলী)  প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

        উল্লেখ্য যে, বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) আজ ১৮ই অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১২ ই নভেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত চলবে।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *