-ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ঢাকা : ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। যারা দেশের ও এলাকার উন্নয়নে কাজ করবে, জনগণ তাদেরই সমর্থন দেবে। ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি রাজনীতিবিদদের জনসেবায় আরও উৎসাহিত করে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম গতকাল রাজধানীর বনানীর কড়াইলে বিটিসিএল আবাসিক এলাকায় বিটিসিএল সর্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ‘শারদীয় শুভেচ্ছা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন এবং তাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখতেবদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন। পূজা উদ্যাপনকারীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এলাকার রাস্তাঘাট, সুপেয় পানির ব্যবস্থা, আবাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি জানান। অনুষ্ঠানে দুর্গা পূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিতরণ করেন মন্ত্রী। বিটিসিএল সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী। অনুষ্ঠানে বিটিসিএল ও অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-ত.বি. Post Views: 27 Post navigation দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর