মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর ।। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় গাছ কেটে সড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ ৪টি গাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনু: মূল্য প্রায় ১২ লাখ টাকা।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন। এসময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. শাকিল সরকার (২৬), মো. রুহুল আমিন (৩৫), মো. রাশেদ মিয়া (৩০), মো. রবিউল প্রধান (৩৫), মো. সাজ্জু মিয়া (৫৩), মো. আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান (৪২), মো. শাহিন মিয়া (৩০) ও মো. মিরাজ মিয়া (২৬)। তাদের বাড়ি গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকায়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত (১৯ অক্টোবর) রাত সোয়া ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকায় একদল ডাকাত সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করে। এ সময় চালক, সহকারী ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে মালামাল লুট করা হয়। ঘটনার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় অভিযোগ করা হলে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। জেলা গোয়েন্দা পুলিশের তথ্যপ্রযুক্তি নির্ভর অভিযানে ডাকাত চক্রের ৮ জন সদস্যকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি এইচপি ল্যাপটপ, ইনফিনিক্স, অপো, ভিভো, অনার ও স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি ম্যাক্সটেল বাটন ফোন, একটি চাপাতি ও একটি ছুরি। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, এই ডাকাতির ঘটনায় যদি আরও কোন ডাকাত জড়িত থাকে তাকেও আইনের আওতায় আনা হবে। Post Views: 10 Post navigation পর্যটক ও পূজারীদের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাংবাদিক জুয়েলের মায়ের সুস্থতায় সাংবাদিক মহলের দোয়া প্রার্থনা