বিসিএস ক্যাডারে ধারাবাহিক সাফল্য
সহকারী কর কমিশনার হলেন দিনাজপুরের
কৃতি সন্তান ভাস্বর রায়

দিনাজপুর প্রতিনিধি ॥ প্রতিভা, অদম্য ইচ্ছা আর পরিশ্রমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ৪৫তম বিসিএস পরীক্ষায় ‘সহকারী কর কমিশনার’ পদে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হয়েছেন দিনাজপুরের কৃতি সন্তান ভাস্বর রায় এবং তিনি আগামী ১ নভেম্বর ২০২৬ তার নতুন পদে যোগদান করবেন। এর আগে তিনি ৪৪তম বিসিএস পরীক্ষায় টেকনিক্যাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সফলতার সাথে কর্মরত আছেন।
২৪ অক্টোবর শনিবার তার পিতা দিনাজপুরের বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিরঞ্জন রায় জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক সম্পন্ন করা ভাস্বর রায় শিক্ষা জীবন থেকেই মেধার স্বাক্ষর রেখে আসছে। বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পর পর দুটি ক্যাডারে এই গৌরবময় সাফল্য অর্জনে তার পরিবার, শিক্ষক ও স্থানীয় শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ভাস্বর রায়ের পিতা নিরঞ্জন রায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং মাতা করবী রায় দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক। শিক্ষা ও মেধার আবহভেজা এই পরিবারের সন্তান ভাস্বর রায়ের বাসা দিনাজপুর সদর উপজেলার কালিয়াগঞ্জ লালুপাড়ায়। ধারাবাহিক এই সাফল্য সম্পর্কে জানতে চাইলে ভাস্বর রায়ের পিতা নিরঞ্জন রায় বলেন, “ভাস্বরের এই অর্জন তার নিরলস পরিশ্রম এবং নিষ্ঠার ফল। বিশেষ করে তার মায়ের অবদানও এখানে বিশেষভাবে উল্লেখ করার মতো। মাতা করবী রায় ছেলের স্কুল জীবন থেকে তার শিক্ষা ও ক্যারিয়ার তৈরির বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একজন পিতা হিসেবে সন্তানের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে যেন সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবা করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চাই।” স্থানীয় সচেতন মহল ও স্বজনদের মতে, প্রকৌশল বিদ্যা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের পর অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর ক্যাডারে ভাস্বর রায়ের এই অন্তর্ভুক্তি এলাকার তরুণ সমাজ ও শিক্ষার্থীদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *