আমাদের নদীগল্পগুলো কি শুধুই প্রবহমান জলের, জীবনের নাকি সময়ের? কিংবা যে নদী আমাদের ভেতর দিয়ে বয়ে চলে, তাকে কি কখনো দেখতে পাই? এ প্রশ্ন যেন এক গভীর উপলব্ধির অন্তরযাত্রা। চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট (River Script)’ দর্শককে নদীকেন্দ্রিক এমনই এক বিচিত্র ভাবনার মুখোমুখি করবে।

আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, রাজধানীর বনানীতে অবস্থিত ঢাকা গ্যালারি (বাড়ি ৪৪, সড়ক ১২, ব্লক ই, বনানী, ঢাকা)-তে শুরু হতে যাচ্ছে এই প্রদর্শনী, যা চলবে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিশেষ এই প্রদর্শনীতে চিত্রকর্মের পাশাপাশি স্থান পেয়েছে শিল্পীর অন্তর্নিহিত ভাবপ্রকাশ ও শব্দের বিচরণ। ভিন্ন লেন্সে, প্রতিদিনের দেখা নদীর বাইরে আবিষ্কারের চেষ্টা করা হয়েছে আরেক নদী—যা বয়ে চলে মানুষের জীবনের ভেতর দিয়ে, প্রবহমান সময়ের সঙ্গে। সেই নদীকে খুঁজে পাই কখনো স্মৃতিতে, কখনো অনুভূতিতে, আবার কখনো নিজের অজান্তেই নিজের ভাবনায়।

শিল্পীর চোখে নদী কখনো জলধারা, কখনো দিগন্তজোড়া রেখা, কখনো নদীপারের জনপদ কিংবা মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও স্মৃতির পাশাপাশি উঠে এসেছে সময়ের সঙ্গে সভ্যতার এগিয়ে চলার গল্প। প্রদর্শনীতে শিল্পী রাশিদ খানের চিত্রকর্মের পাশাপাশি কিউরেটোরিয়াল অনুসন্ধান ও লেখায় যুক্ত রয়েছেন জাভেদ জলিল (JJ)।

প্রদর্শনী চলাকালে নির্ধারিত কয়েকটি সন্ধ্যায় নদীকে ঘিরে থাকবে ‘নদী কথা’, ‘নদী গান’, ‘নদী সাহিত্য’, ‘নদী গল্প’, ‘নদী সুর’, ‘নদী পাঠ’ ও ‘নদীলিপি’ শীর্ষক বিশেষ আড্ডা ও অনুষ্ঠান। এ ছাড়া আগামী ১০ নভেম্বর বিকেল ৩:০০টায়, জাভেদ জলিল (JJ)-এর পরিচালনায় বিশেষ আর্ট ওয়ার্কশপ “Art in Everyday Life” অনুষ্ঠিত হবে।

চিত্রকর্মের সঙ্গে কথা, সাহিত্য, সুর ও শব্দের এই অভিনব আয়োজন নিয়ে ‘আমাদের নদী গল্প’-এর প্রথম প্রকাশ—‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট’।

-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *