কমরেড আ.ফ.ম. মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।কমরেড আ.ফ.ম. মাহবুবুল হকের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ আহ্বান জানান।বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও মুক্তির সংগ্রামে কমরেড মাহবুবুল হকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও আপসহীন আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।তারা আরও বলেন, পুঁজিবাদী শোষণ, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও মেহনতি মানুষের অধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। বিভক্ত বাম রাজনীতির পরিবর্তে শ্রমিক, কৃষক, ছাত্র ও বুদ্ধিজীবীদের নিয়ে শক্তিশালী বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলা সময়ের দাবি।বক্তারা জানান, কমরেড মাহবুবুল হক রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হন। ১৯৭৫ সালের ৮ নভেম্বর বায়তুল মোকাররমের সামনে জাসদের জনসভায় বক্তব্য দেয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। এরপরও আজীবন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন।স্মরণসভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শামসুদ্দিন পেয়ারা, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লেখক তাহেরা বেগম জলি, বাসদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শওকত হোসেন আহমেদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আ ক ম জহিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোফাজ্জেল হোসেন মজলিস ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন।সভায় সভাপতিত্ব করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি Post Views: 34 Post navigation শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী