ফয়সাল চৌধুরী, নেত্রকোণা :

নেত্রকোণার মদনে ১১ বছরের শিশু ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত
মাদরাসা শিক্ষক ও পরিচালক
আমানুল্লাহ ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে। মামলার
অপর আসামি তার বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আব্দুস সালাম আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে
এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নেত্রকোণার মদন উপজেলার পাচহার বড়বাড়ি গ্রামের নানার বাড়িতে থেকে আমানুল্লাহ মাহমুদী সাগর প্রতিষ্ঠিত পাচহার বড়বাড়ি
মহিলা কওমি মাদরাসায় পড়াশোনা করত। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে এবং অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন
চিকিৎসকের মাধ্যমে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় শিশুটির মা ২৩ এপ্রিল মাদরাসা শিক্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে মদন থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দেন। এস আর বি-১৪ ৬ মে ময়মনসিংহ জেলার গৌরীপুর থেকে আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালতের নির্দেশে করা ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে মাদরাসা শিক্ষকের ডিএনএর মিল পাওয়া যায়। নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনায় আদালতের নির্দেশে শিশুটিকে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই একটি কন্যা সন্তানের জন্ম দেয় সে।
নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল কবির রুবেল জানান, মাত্র নয় কার্যদিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষে বিচারক স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ ও আদালতে উপস্থাপিত কাগজ পত্র পর্যালোচনা করে আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *