নিউটার্ন প্রতিবেদক : আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে জেলার পীরগাছায় আমন ধান এবং আগাম আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের কৃষক। হঠাৎ এমন ক্ষতিতে কান্নায় ভেঙে পড়েন অনেকে। গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে ও মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ৬টি ইউনিয়নে আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে পাকা ও আধাপাকা আমন ধানের পাশাপাশি আগাম জাতের আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। আলাপকালে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, ঋণের বোঝা আরও বেড়ে গেল। আগামী দিনগুলো কীভাবে চলব তা নিয়ে আমরা চিন্তিত। ধারদেনা করে আগাম আলু লাগিয়েছিলাম। ধানও ঘরে তুলতে পারিনি। উপজেলার তাম্বুলপুর, ছাওলাসহ ৬টি ইউনিয়নের চরাঞ্চলে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে। এতে ধানের শিষ ও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আলুরও ক্ষতি হয়েছে। অনেক কৃষক সারা বছরের সংসার খরচের জন্য আমন ধানের ওপর নির্ভরশীল। পাশাপাশি আগাম আলু চাষেও বিনিয়োগ করেছেন অনেকে। ফলে একসঙ্গে দুই ফসলের ক্ষতিতে তাদের দুশ্চিন্তা বেড়েছে। উপজেলা পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, পীরগাছায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর। কৃষিনির্ভর এই উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি কৃষকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শিলাবৃষ্টিতে ঠিক কত হেক্টর জমির আমন ধান ও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার রাতে যে বৃষ্টি হয়েছে, তাতে অনেক ক্ষতি হয়েছে। বুধবার রাতেও বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে গেছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ধান ও আলুর ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। ছাওলার কৃষক ওমর আলী বলেন, ‘দুই দিনের ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের কোমর ভেঙে গেছে।’ পারুল ইউনিয়নের কৃষক আক্কাস আলী ও আবু সাঈদ জানান, মঙ্গলবার আর বুধবার রাতে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় তাদের ক্ষেতের পাকা ধান জমিতে লুটিয়ে পড়েছে। কাদায় মাখামাখি হয়েছে অনেক ধান। কোনোভাবেই এসব ধান বাড়ি নিয়ে যাওয়া যাবে না। এখন তারা কী করবেন দিশা পাচ্ছেন না। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এখনো পুরো ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেলায় ৫৯ হেক্টর জমির ফসলের ক্ষতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।নিউটার্ন/এআর Post Views: 9 Post navigation সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন