আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা বিমান উড্ডয়ন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি এ বিপর্যয়ের জন্য ‘পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম’কে দায়ী করেছেন। এর আগে স্থানীয় সময় রাত সোয়া আটটায় তিনি বিমান চলাচলে জারি করা গ্রাউন্ড স্টপ বা বিমান উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখার যে নির্দেশ দেয়া হয়েছিল তা প্রত্যাহারের কথা জানান। তবে তিনি জানান যে, এ ঘটনার কারণে আগামী কয়েকদিন পর্যন্ত ভোগান্তি অব্যাহত থাকতে পারে। শন ডাফি ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন এ পরিস্থিতির জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাকে দায়ী করেন। তারা বলেন, কংগ্রেসের কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়ন না পাওয়ায় এসব ব্যবস্থা আধুনিকায়ন করা হয়নি। সাংবাদিকদের মুলিন জানান যে, বিমান উড্ডয়ন বন্ধের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ তারা পাননি। এর আগে হওয়া মাইক্রোসফট বিপর্যয়ের সাথেও এর কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন তিনি। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, পরিবহন ব্যবস্থার ‘সম্পূর্ণ সংস্কার’ না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। তিনি বলেন, এবার পুরো সিস্টেমকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। তবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভ্রমণ উৎসব থ্যাংকসগিভিংয়ের আগেই এটি পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে। “নেটওয়ার্কে প্রতিটি বিপর্যয়কর ত্রুটি আগে থেকে অনুমান করা সম্ভব নয়। এ ধরনের কোনো বিপর্যয় ঘটবে, তা আমি আগে থেকে আঁচ করতে পারিনি। পুরনো প্রযুক্তি ও ব্যবস্থা আধুনিকায়ন না করা হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে,” বলেছেন তিনি। কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার চেয়ে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন ডাফি। তিনি বলেন, বিভিন্ন সময়ে নেয়া খণ্ডকালীন সমাধানের কারণে বিদ্যমান ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। সম্প্রতি যে নতুন সরঞ্জামগুলো স্থাপন করা হয়েছে, সেগুলোর কোনটিই এ বিপর্যয়ের জন্য দায়ী নয় বলে জানান তিনি। ‘যে ব্যবস্থা অচল হয়ে পড়েছিল, সেটি ছিল পুরনো। পুরনো প্রযুক্তির সরঞ্জামই বিকল হয়েছিল।’ “সুইচগুলোর ওপর অতিরিক্ত চাপ কমাতে তারা কিছু সমাধান চালু করতে সক্ষম হন। এর ফলে নেটওয়ার্কগুলো আবার সচল করা সম্ভব হয়েছে। এসব সমাধান কার্যকর হওয়ার পরই স্পষ্ট হয় যে এটি কোনো হামলার ঘটনা নয়, বরং বিদ্যমান সরঞ্জাম ও নেটওয়ার্কের ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে,” বলেছেন মি. ডাফি। তিনি জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা এবং নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দেয়। রাউটার থেকে আসা তথ্যে অসংগতি দেখা দেয়ার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হয়েছিল। এর ফলে সেগুলো থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়।বিবিসি ডাফি বলেন, ‘আধুনিক ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর বিমান চলাচল ব্যবস্থা গড়ে তুলতে কংগ্রেসকে আমাদের প্রয়োজনীয় অর্থ ও সম্পদ দিতে হবে।’ এ ব্যবস্থা ঢেলে সাজাতে তার ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন। যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার বিষয়ে এর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বা স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বারবার বলেছেন, ‘এটি আরেকটি ৯/১১ নয়”। বিবিসি ভেরিফাই এ বিষয়ে ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিমান চলাচল ও পরিবেশবিষয়ক সহযোগী অধ্যাপক ড. গাই গ্র্যাটনের সঙ্গে কথা বলেছে। তিনিও মুলিনের সঙ্গে একমত পোষণ করে বলেন, “৯/১১-এর পর এটিই সবচেয়ে বড় ঘটনা বলে মনে হচ্ছে, তবে স্পষ্টতই এটি সেই মাত্রার নয়”। এ ধরনের ঘটনার তুলনীয় উদাহরণ জানতে চাইলে ড. গ্র্যাটন ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ রাখার একটি ঘটনার কথা উল্লেখ করেন। সে সময় নোটিস টু এয়ার মিশনস (নোটাম) ব্যবস্থায় ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘সেবার বিমান চলাচল বন্ধ ছিল ১ ঘণ্টা ৫২ মিনিট। এতে প্রায় ৯ হাজার ৫০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছিল এবং প্রায় ১ হাজার ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।’ ওই বিভ্রাটের কারণে বিমান চলাচলের নিরাপত্তা সংক্রান্ত নোটিশ প্রকাশ করা সম্ভব হচ্ছিল না। ব্যবস্থাটি পুনরায় সচল না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। অন্যদিকে ২০২৩ সালের ঘটনার তুলনায় এবারের অচলাবস্থা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়েছে। Post Views: 7 Post navigation সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে হুথিরা