মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।
দিনাজপুর সদরের তালুকদারপাড়ায় কুকুরের খামার গড়ে ওঠায় পরিবেশগত জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবরে আবেদন করেছেন এলাকাবাসী।

রোববার (২২ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের গাবুড়া ব্রীজ সংলগ্ন তালুকদারপাড়া ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার বাসিন্দাগণ দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবরে গণস্বাক্ষরিত আবেদনে বলেন, আমাদের এলাকায় বসত বাড়ির মালিক মোঃ মমিন ঢাকায় অবস্থান করার কারণে বাড়িটি কেয়ার টেকার হিসেবে শশুড় মোঃ রশিদ দায়িত্ব পালন করছেন। মোঃ রশিদ এর কাছ থেকে মোঃ সোহাগ নামে জনৈক ব্যক্তি বাড়িটি ভাড়া নেয়। সোহাগ ভাড়া নেয়া বাড়িতে ৫০ থেকে ৬০ টি বিদেশি জাতের কুকুর নিয়ে একটি খামার গড়ে তোলেন। ঘনবসতিপূর্ণ এই আবাসিক এলাকায় এমন বড় পরিসরে কুকুর পালন করায় আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। দিবা-রাত্রী কুকুরের ঘেউ ঘেউ চিৎকার, দুর্গন্ধ ও বর্জ্যজনিত কারণে পরিবেশ দুষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তাহীনতার আশংকা তৈরি হয়েছে। এতে শিশু ও বয়স্কদের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটছে বলে জানান প্রতিবেশীরা।
এ বিষয়ে প্রতিকার চেয়ে স্থানীয়রা গণস্বাক্ষরিত আবেদন রোববার (২২ নভেম্বর) দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবরে আবেদন করেছেন। আমাদের প্রতিনিধি এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, আবাসিক ঘনবসতিপূর্ণ এলাকায় কুকুরের খামারের বিষয়টি সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ বিষয়ে মুঠোফোনে খামারি সোহাগের সাথে যোগাযোগ করেও তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে মুঠোফোনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম জানান, সেখানে একটি কুকুরের খামার আছে আমরা অবগত আছি। তবে তারা কোন রেজিস্ট্রেশন করেনি। স্থানীয় বাসিন্দারা বলেন, “কোনো প্রাণী পালনের অধিকারকে আমরা সম্মান করি।তবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় মানুষের বসবাসের পরিবেশ,জনস্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।”​অভিযোগকারীদের ভাষ্যমতে,সমস্যার সমাধানে ইউনিয়ন পরিষদ,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়ে গণস্বাক্ষরিত আবেদন দেয়া হলেও এখনো কার্যকর কোনো সুরাহা মেলেনি। তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি এ বিষয়ে কোনো তোয়াক্কা করছেন না। খামারের অবস্থান,বর্জ্য ব্যবস্থাপনা, শব্দদূষণ ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব সরেজমিনে পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তালুকদার পাড়ার বাসিন্দারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *