মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।। মাঠ পর্যায়ে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও যাচাই করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে সভায় আলোচনা কিংবা প্রতিবেদন শুনে বাস্তব সমস্যার গভীরতা অনুধাবন করা সম্ভব নয়।প্রকৃত চিত্র জানতে হলে মাঠপর্যায়ে যেতে হবে।এ জন্য তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত মনিটরিং পরিকল্পনায় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিভাগীয় কমিশনার উপস্থিত সুধীজনদের সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, সভায় উপস্থিত অনেকে তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তবে সরেজমিনে না গেলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় না। অতীতে অনেক কিছু শুনেছেন, কিন্তু বাস্তবে এসে সমস্যার গভীরতা আরও বেশি বলে উপলব্ধি করেছেন। দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রায় ৪০ লাখ মানুষের এই জনপদ বাংলাদেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত। পর্যটন সম্ভাবনা সমৃদ্ধ দিনাজপুরকে নানা বিশেষণে অভিহিত করা যায়। মানচিত্র দেখুন এ জেলার মানুষের শান্তিপূর্ণ ও ইতিবাচক ভাবমূর্তির কথাও তিনি উল্লেখ করেন। সীমান্তবর্তী জেলা হিসেবে দিনাজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিভাগীয় কমিশনার অবৈধ অনুপ্রবেশ ও মাদকের প্রবেশ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এ ক্ষেত্রে বিশেষ নজরদারী প্রয়োজন। শিক্ষা বিভাগের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছে কি না, তা শিক্ষকদের পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।সভায় সন্তানদের অগ্রাধিকার, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যার বিষয় উঠে আসায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এসব কারিগরি সমস্যার সমাধানে কীভাবে সহযোগিতা করা যায়, তা সংশ্লিষ্ট পর্যায়ে জানানো হবে বলেও আশ্বস্ত করেন। জনবল সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে জনবল একটি বড় সমস্যা। তবে সীমিত জনবল নিয়েই অতিরিক্ত সমন্বয় ও দায়ীত্বশীলতার মাধ্যমে নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রকৃত উপকারভোগী চিহ্নিত করতে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না।দিনাজপুরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ জেলার প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্প দিনাজপুরে এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে অন্য জেলাগুলোও এখানকার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। দিনাজপুরকে মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়ীত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।উন্নয়নমূলক কার্যক্রম প্রসঙ্গে খাল খনন ও বৃক্ষরোপণ প্রকল্পের কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, খাল খননের ক্ষেত্রে এমনভাবে কাজ করতে হবে, যাতে প্রকল্পের সুফল দীর্ঘস্থায়ী হয়। শুধু কাজ সম্পন্ন করলেই হবে না, এর স্থায়ীত্ব ও কার্যকারিতাও নিশ্চিত করতে হবে। সরকারি সেবার মান ও জনভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, দিনের শেষে জনগণ যেন সরকারি দপ্তর থেকে হয়রানির শিকার না হয়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সেটিই নিশ্চিত করতে হবে। বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে নাগরিকদের কাছ থেকে নানা সময় অভিযোগ আসে। তাই সব বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সর্বপরি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরেজেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ জিদান আল মুসা পিপি এম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান; স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান; সড়ক ও জনপথ অধিদপ্তর, দিনাজপুর নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন; জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন ও সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন; জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আলা উদ্দীন আল আজাদ; জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। সভায় পুলিশ সুপার জনাব মোঃ জিদান আল মুসা পিপিএম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেনসহ অন্যান্য অংশগ্রহণকারী সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম,বাস্তবায়ন সংক্রান্ত সমস্যা ও সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। সভায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নের মনিটরিং পরিকল্পনা, মাঠপর্যায়ের তথ্য যাচাই, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বাস্তব সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা হয়।পরিশেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমের বক্তব্যের পর সভাপতি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সভার সমাপ্তি ঘোষণা করেন। Post Views: 4 Post navigation বিরল সীমান্তে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ বিরলে এডিপি’র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের কৃষি প্রণোদনা বিতরণ