আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আলম ব্যাপারীর বসতবাড়ি ভেকুয়া বিলের ঢেউয়ের আঘাতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বর্ষা মৌসুমে বিল পানিতে পরিপূর্ণ হয়ে উঠলে ঢেউয়ের তোড়ে তার বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটছে তার। স্থানীয় সূত্রে জানা যায়, আলম ব্যাপারীর বসতবাড়ির পাশ দিয়ে প্রায় ১৯০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট গভীর ভেকুয়া বিল রয়েছে। বর্ষাকালে বিলের পানি বৃদ্ধি পেয়ে ঢেউয়ের সৃষ্টি হলে তা সরাসরি তার বসতভিটায় আঘাত হানে। এতে বসতঘরের মাটি ও আশপাশের অংশ ভেঙে যায়। ঘরবাড়ি রক্ষায় প্রতি বছর নিজস্ব অর্থায়নে অস্থায়ী বাঁধ নির্মাণ করে আসছেন তিনি। কিন্তু বর্ষা শেষ হলে কিংবা পরবর্তী বর্ষায় পানির চাপে এসব অস্থায়ী বাঁধ টিকিয়ে রাখা সম্ভব হয় না। শারীরিক প্রতিবন্ধী আলম ব্যাপারীর পক্ষে প্রতিবছর নিজ খরচে এভাবে বাঁধ নির্মাণ করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই বসতভিটা ও ঘরবাড়ি রক্ষায় তিনি একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন আলম ব্যাপারী। তার প্রত্যাশা, সংসদ সদস্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে বড় ধরনের ভাঙন ও বসতভিটা হারানোর ঝুঁকি এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। Post Views: 32 Post navigation বর্ণাঢ্য আয়োজনে বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন