নিউটার্ন প্রতিবেদক : দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাঁচ দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। আগামী ২ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “ব্যাডমিন্টন কেবল একটি খেলা নয়, এটি ক্ষিপ্রতা, ধৈর্য, কৌশল, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অসাধারণ সমন্বয়। কোর্টের প্রতিটি পয়েন্টের লড়াইয়ে খেলোয়াড়দের যে উদ্দীপনা ও নিষ্ঠা দেখা যায়, তা তরুণ প্রজন্মকে সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী করে তোলে। ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় ও পরিমণ্ডল থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণ সবার মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের নতুন সেতুবন্ধন তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।”

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খেলা পরিচালনা ও বাইলজ উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা দলের ম্যানেজার ও কোচরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
নিউটার্ন/এআর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *