কুমিল্লা :

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
আজ কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের সঠিক তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসন কাজ করছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুতের পর সরকার তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করবে।
আমিন উর রশিদ বলেন, সরকার বাংলাদেশকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যেই সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যে ফলের উৎপাদন বেশি হয়, সেখানে সেই ফলের উৎপাদন আরো বৃদ্ধি করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কোল্ড স্টোরেজ স্থাপন করেছে। আগামীতে আরো দুই হাজারের বেশি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রুহুল আমিন, পুলিশ সুপার আনিসুজ্জামান-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী বৃক্ষমেলা উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন এবং মেলার বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের স্টল পরিদর্শন করেন।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *