-সেলিনা আক্তার

ভোরের আলো তখনো ঠিকমতো ফোটেনি। গ্রাম্য মেঠোপথের শেষ প্রান্তে ছোট্ট টিনের ঘরটায় চাপা কান্নার আওয়াজ। নবম শ্রেণিপড়ুয়া তানজিয়ার (ছদ্মনাম) বিয়ে। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল বই, সেই বয়সে তার কচি হাতে পরিয়ে দেয়া হচ্ছে কাচের চুড়ি আর মেহেদির রঙ। মেহেদির এই গাঢ় লাল রঙের আড়ালে চাপা পড়ে যাচ্ছে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন, হারিয়ে যাচ্ছে তার দুরন্ত শৈশব। বাংলাদেশের গ্রাম কিংবা শহরের প্রান্তিক জনপদে এমন দৃশ্য এখনো খুব একটা অপরিচিত নয়।

তথ্যপ্রযুক্তির অভাবনীয় উৎকর্ষ আর আর্থসামাজিক উন্নয়নের এই যুগেও বাল্যবিবাহ আমাদের দেশের অন্যতম বড়ো একটি সামাজিক, স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ব্যাধি হয়ে দাঁড়িয়ে আছে। তবে আশার কথা হলো, এই অন্ধকার দূর করতে সম্প্রতি রাষ্ট্র ও সমাজের উচ্চপর্যায় থেকে নেওয়া হয়েছে বেশ কিছু সময়োপযোগী ও আধুনিক পদক্ষেপ। বিশেষ করে বিবাহ নিবন্ধন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ এবং বিদ্যমান আইনের ফাঁকফোকর বন্ধের জোরালো আলোচনা নতুন করে আশার আলো দেখাচ্ছে।

ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথভাবে প্রকাশিত ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫’-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সি নারীদের মধ্যে ৪৭ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই; ১৩ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছরের আগে। ২০১৯ সালের তুলনায় এই হার কিছুটা কমেছে। কিন্তু প্রায় প্রতি দুই নারীর একজনের ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয়েছে। এই বাস্তবতায় সামান্য অগ্রগতি নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। এই পরিসংখ্যান আমাদের সম্মিলিত ব্যর্থতা তুলে ধরে। বাল্যবিবাহের সঙ্গে দারিদ্র্য ও শিক্ষার সম্পর্ক অত্যন্ত স্পষ্ট। যেসব নারী কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, তাঁদের মধ্যে বাল্যবিবাহের হার ৬৯ শতাংশ। সবচেয়ে দরিদ্র পরিবারের নারীদের মধ্যে এই হার ৬৫ শতাংশ। বিপরীতে উচ্চমাধ্যমিক শিক্ষাসম্পন্ন নারীদের মধ্যে বাল্যবিবাহের হার ২৮ এবং সবচেয়ে ধনী পরিবারের নারীদের মধ্যে ৪১ শতাংশ।

বাল্যবিবাহ শুধু একটি ক্ষতিকর সামাজিক প্রথা নয়। এটি শিশু অধিকারের গুরুতর লঙ্ঘন এবং একধরনের যৌন নির্যাতন। একটি শিশুকে বিয়ের নামে এমন একটি সম্পর্কে ঠেলে দেওয়া হয়, যার জন্য সে শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত নয় এবং যেখানে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থাকে না। বিয়ের পর অধিকাংশ মেয়ের পক্ষে বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে তাদের সম্ভাবনা বিকাশের পথ রুদ্ধ হয়ে যায়। বাল্যবিবাহের শিকার কিশোরীদের গার্হস্থ্য সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিও বেশি।আরও উদ্বেগজনক বিষয় হলো, ১৫ থেকে ১৯ বছর বয়সি কিশোরীদের মধ্যে সন্তান জন্মদানের হার বাড়ছে। ২০২৪-এ প্রকাশিত বাংলাদেশ জনমিতি এবং স্বাস্থ্য জরিপ অনুযায়ী, এই বয়সি ২৩ দশমিক ২ শতাংশ কিশোরী ইতিমধ্যে সন্তান ধারণ শুরু করেছে; ১ দশমিক ২ শতাংশ ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই মা হয়েছে। অল্প বয়সে গর্ভধারণের পরিণতি গুরুতর। এতে মৃত সন্তান প্রসব, অপরিণত শিশুর জন্ম এবং মা ও নবজাতকের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

বাল্যবিবাহকে আমরা প্রায়ই কেবল একটি সামাজিক বা পারিবারিক সমস্যা হিসেবে দেখি। কিন্তু এর অর্থনৈতিক অভিঘাতও ভয়াবহ। ইউনিসেফ ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, বাল্যবিবাহ এবং এর ফলে সৃষ্ট স্কুল থেকে ঝরে পড়া ও কর্মক্ষমতা হ্রাসের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রতিবছর প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার কোটি টাকার বেশি) ক্ষতি হচ্ছে। একটি মেয়ে যখন অকালেই সংসারের চক্রে আটকা পড়ে, তখন দেশ একজন সম্ভাবনাময় চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক বা উদ্যোক্তাকে হারায়।

বাল্যবিবাহের পেছনে কেবল দারিদ্র্যকে দায়ী করলে পুরো সত্যটা বলা হয় না। এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক নিরাপত্তাহীনতা, মেয়েদের বোঝা মনে করার মানসিকতা, যৌতুকের ভয় এবং প্রাকৃতিক দুর্যোগের মতো বহুমাত্রিক কারণ। জলবায়ু পরিবর্তনের ফলে নদীভাঙন, ঘূর্ণিঝড় বা বন্যার কবলে পড়ে উপকূলীয় ও চরাঞ্চলের যেসব পরিবার নিঃস্ব হয়ে পড়ছে, তারা অনেক সময় অভাবের তাড়নায় কিংবা নিরাপত্তার অভাবে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চান।

বয়স জালিয়াতি ও গোপন বিয়ের এই পুরোনো কৌশল রুখে দিতে আইন মন্ত্রণালয় ও সরকার দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পাত্র-পাত্রীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম নিবন্ধনের কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সরাসরি আন্তঃসংযোগ থাকছে। এই নতুন ব্যবস্থায় যে সকল পরিবর্তন আসবে সেটা হলো স্বয়ংক্রিয় বয়স যাচাই। যেখানে কাজী বা নিবন্ধক অনলাইনে পাত্র-পাত্রীর এনআইডি বা জন্মসনদ নম্বর প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তাদের প্রকৃত বয়স যাচাই করে নেবে। পাত্রীর বয়স ১৮ এবং পাত্রের বয়স ২১ বছরের এক দিনও কম হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন প্রক্রিয়া আটকে দেবে। ফলে হাতে লেখা ভুয়া কাগজপত্র দেখিয়ে আর বয়স লুকানোর কোনো সুযোগ থাকবে না। এনআইডি ভেরিফিকেশনের পাশাপাশি প্রতিটি ডিজিটাল ম্যারেজ সার্টিফিকেটে থাকবে একটি বিশেষ কিউআর কোড। যেকোনো স্থান থেকে এই কোড স্ক্যান করে বিয়ের বৈধতা যাচাই করা সম্ভব হব।

বিদ্যমান ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী, বাল্যবিবাহ দেওয়া, করা বা এতে সহায়তা করা—সবই দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে প্রাপ্তবয়স্ক পাত্র বা পাত্রী, অভিভাবক এবং বিয়ে পরিচালনাকারী কাজী বা পুরোহিতের সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।তবে এই আইনের ১৯ ধারায় ‘বিশেষ প্রেক্ষাপটে’ অপ্রাপ্তবয়স্কদের বিয়ের যে সুযোগ রাখা হয়েছিল, তার অপব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিলেন মানবাধিকারকর্মীরা। সম্প্রতি ইউনিসেফ ও ইউএনএফপিএর যৌথ পর্যালোচনায় এই আইনের বেশ কিছু সংস্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বাল্যবিবাহ সংঘটিত হলে ভুক্তভোগী কিশোরী প্রাপ্তবয়স্ক হওয়ার পর (২২ বছর বয়স পর্যন্ত) চাইলে নিজ উদ্যোগে সেই বিয়ে বাতিল করার আইনি অধিকার দেওয়া।

যেকোনো নাগরিক তার আশপাশে বাল্যবিবাহের আয়োজন দেখলে তাৎক্ষণিকভাবে সরকারি টোল-ফ্রি হেল্পলাইন ১০৯ (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল), জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা ৩৩৩ নম্বরে কল করে তথ্য জানাতে পারেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়।

মা-বাবাকে বুঝতে হবে, তাঁদের মেয়ে কোনো দায় নয়। তারও স্বপ্ন আছে, সক্ষমতা আছে, নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার আছে। একটি মেয়ের সাফল্য শুধু ভালো পাত্রের সঙ্গে তার বিয়ে হওয়া নয়; তার শিক্ষা, কর্মজীবন, নেতৃত্ব, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজে অবদান রাখা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক নেতা, লেখক, শিল্পীসহ সবাই বাল্যবিয়ে নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।

আইন এবং ডিজিটাল প্রযুক্তি নিঃসন্দেহে বাল্যবিবাহ প্রতিরোধে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। কিন্তু কেবল সফটওয়্যার বা দণ্ডবিধি দিয়ে একটি গভীর সামাজিক প্রথাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। রেজিস্ট্রি ছাড়াই কেবল সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে গোপনে বিয়ে দেওয়ার প্রবণতা যেন না বাড়ে, সেদিকেও নজর রাখতে হবে।

তানজিয়াদের মতো লক্ষ কিশোরীর চোখের জল মুছে দিয়ে তাদের হাতে আবার বই-খাতা তুলে দেওয়ার সময় এখনই। ডিজিটাল নিবন্ধনের স্বচ্ছতা, কঠোর আইনি প্রয়োগ এবং আমাদের সম্মিলিত সচেতনতাই পারে শৈশব কেড়ে নেওয়ার এই নির্মম প্রথাকে চিরতরে বিদায় জানাতে।

লেখকঃ সহকারী তথ্য অফিসার, তথ্য অধিদফতর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *