চট্টগ্রাম :
চট্রগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ত্রান কার্যক্রম তদারকি ও সমন্বয় এর অংশ হিসেবে রবিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চট্রগ্রামের বন্যা কবলিত সিএন্ডবি টেকবাজারপোল পরিদর্শন করেন এবং সেখানকার বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সৈয়দ সেহাব উদ্দিন আলম, সদস্য জাফর আহমদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এরপর তিনি নগরীর ১১নং ওয়ার্ড কালীমন্দির এলাকার জেলাপাড়ায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বাজার সংলগ্ন লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং নগরীর ফইল্লাতলী বাজার সংলগ্ন মহেষ খাল ও বারনীঘাট খাল পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের (৩৪ ইসিবি) ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শামস সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে চট্রগ্রাম পৌঁছে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চট্টগ্রাম বিভাগ ও জেলার সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় ও তদারকি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় মিলিত হন। চট্রগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত ওই জরুরি সভা শেষ করে তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদে উপস্থিত বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করেন। এরপর নগরীর ব্র্যাক প্রাক প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত হওয়া বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেন।
রবিবার দুপুরে প্রতিমন্ত্রী রাঙামাটির বন্যা কবলিত এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য ১০ জুলাই সরকারের এক প্রজ্ঞাপনে চট্রগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় ও নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়।

Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *