ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, প্রায় ১৫ বছরের দুঃশাসনের পর ২০২৪ সালের জুলাই বিপ্লবে আবু সাঈদসহ অসংখ্য শহিদদের আত্মত্যাগের মাধ্যমে দেশে পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জুলাই শহিদ দিবস ২০২৬ এর প্রাক্কালে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তাঁদের ত্যাগ আমাদের বাঁচার অধিকার দিয়েছে, তাঁদের ত্যাগ আমাদের মুক্তি দিয়েছে। আমরা স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছি। মন্ত্রী আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় শহিদ আবু সাঈদ ও অন্যান্য শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও প্রার্থনা করা হয়। জুলাই আন্দোলনের সূচনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একদিনে ঘটে না। অনেক কিছু জমা হয়ে আগুনের সূত্রপাত হয়। তেমনি জুলাই আন্দোলনের পটভূমি তৈরি হয় ২০০৯ সাল থেকে আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৫ বছরের সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে। এসময় অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে। একটি রাজনৈতিক দল গত প্রায় ১৫ বছর ক্ষমতায় থেকে অনিয়ম, অন্যায় ও অবিচার করেছে। তাদের আচরণ ছিলো হিংস্র। তারা স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন করেছে। চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, জেলখানায় হয়রানি করেছে। সাধারণ জনগণ স্বৈরাচারী সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আন্দোলনে যোগ দিয়েছে। সন্তানকে বিপ্লবে অংশ নিতে পাঠিয়েছে। মন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি জুলাই শহিদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্বাস্থ্য সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব আহসানুল আজিজ, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন। -ত.বি. Post Views: 8 Post navigation সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ—- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী