মানিকগঞ্জ :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরো সমৃদ্ধ ও অগ্রসর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আজ মানিকগঞ্জে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
রথযাত্রা উপলক্ষ্যে মন্ত্রী উপস্থিত সনাতনী ভক্তবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার কারণেই আজ আমি আজকের অবস্থানে এসেছি। আমি হিন্দু-মুসলিম সকলের জন্য উন্নত ও নিরাপদ মানিকগঞ্জ প্রতিষ্ঠায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আমার জন্য প্রার্থনা করুন, আমি যাতে আপনাদের সকলের স্বপ্ন পূরণে সফল হতে পারি।’
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *