ঢাকা :
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।
গতকাল রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস ২০২৬’-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সাথে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, সে লক্ষ্যে সকল মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে। এসব স্কুলে যে সকল শিক্ষকরা শিক্ষকতা করবেন তাদের বিশেষভাবে প্রশিক্ষণের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়াও, সাভারের ১২ একর জায়গার ওপর অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ চলমান রয়েছে, যেখানে এসব শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও খেলাধুলার ব্যবস্থা থাকবে। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান প্রদান করলে ট্যাক্স রিবেট পাওয়া যায় একথাও তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন এবং সকলকে এসব শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সমাজের সকলের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মানবতাবোধ তৈরিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, এটি কোনো যান্ত্রিক বিষয় নয়, এটি একটি মানবিক বিষয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন এবং এ শিশুদের কল্যাণে নানা উদ্যোগ নেন, তবে তাঁরা খুব সহজেই সমাজের মূল স্রোতে মিশে যেতে পারবে।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়েদের সংগ্রামের গল্প শোনেন এবং শিশুদের পরিবেশনায় বিভিন্ন ধরনের একক এবং দলীয় গান ও নৃত্য উপভোগ করেন।
উল্লেখ্য, এটিএন নিউজ প্রায় এক দশক ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘পাওয়ার প্যারেন্টস’ নামে অনুষ্ঠানটি প্রচার করে আসছে। এরই অংশ হিসেবে আজ বিশেষ চাহিদাসম্পন্ন ছয় জন শিশুর অভিভাবক এবং এসব শিশুদের নিয়ে ভালো কাজ করা একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে তাদের সংগ্রামকে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম-সহ চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলাকুশলী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্মানিত অভিভাবকগণ।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *