সারদা (রাজশাহী) :সেবার মানসিকতা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মন্ত্রী আজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামনি মেমোরিয়াল হলে আয়োজিত ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।মন্ত্রী বলেন, বিগত সময়ে গুম, নিখোঁজ, বিচারবহির্ভূত নিপীড়ন ও রাজনৈতিক সংগ্রামের মধ্যদিয়ে যাওয়া প্রতিটি অভিজ্ঞতাকে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। তিনি বলেন, যেকোনো মূল্যে বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে সমাজে আর কখনো কোনো নাগরিককে অতীতের মতো নির্যাতনের শিকার হতে না হয়।বিশ্ববরেণ্য অহিংস নেতা নেলসন ম্যান্ডেলার ২৭ বছরের দীর্ঘ জেলজীবন ও অমানুষিক নির্যাতনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ম্যান্ডেলা যেভাবে কোনো প্রতিশোধ নেওয়া ছাড়াই সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করেছিলেন, ঠিক তেমনি আমাদেরও যেকোনো মূল্যে প্রতিশোধের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। গত ৫-৬ মাসে দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কাস্টডিয়াল ডেথ, গুম বা অযাচিত নিপীড়নের কোনো রেকর্ড নেই উল্লেখ করে তিনি বলেন, কেবল রুটিন অপারেশনাল কার্যক্রম ও রাইট অব প্রাইভেট ডিফেন্সের আওতায় যতটুকু বলপ্রয়োগ প্রয়োজন তা ছাড়া পুলিশ কোনো অন্যায় পদক্ষেপ নেয়নি। তবে অপরাধীরা যেন স্বাধীনতা না পায় সে বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।দক্ষ ও দূরদর্শী পুলিশ প্রশাসন গড়ার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়; যদি মনমানসিকতার পরিবর্তন না ঘটে তবে বাস্তবিক জীবনে সাধারণ জনগণ যথাযথ সেবা থেকে বঞ্চিত হয়। তিনি প্রবেশনারদের বয়স ও সাকুল্যে চাকরির মেয়াদের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনা করে তাদের জন্য ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধার নিশ্চয়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন একাডেমির অ্যাডিশনাল ডিআইজি আবদুল আজিজ। এছাড়া, অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-ত.বি. Post Views: 142 Post navigation সন্দেহজনক হাম রোগে মৃত্যু ৪ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড-তথ্য ও সম্প্রচারমন্ত্রী