ভ্যানিটি ব্যাগে মিলল ১ কেজি ইয়াবা, জব্দ মাদকের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা

এস. এম. সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটে ১০ হাজার পিস ইয়াবাসহ নুরজাহান বেগম (৪৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাগেরহাট-পিরোজপুর সড়কের বরকত ফিলিং স্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
গ্রেপ্তার নুরজাহান বেগম বাগেরহাটের কচুয়া উপজেলার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। বর্তমানে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি গ্রামে বসবাস করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বাগেরহাট জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৩টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বরকত ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম পাশে সড়কের ওপর সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন নুরজাহান বেগম।
তাকে তল্লাশি করে ডান হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে ডিজিটাল নিক্তিতে মেপে উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১ কেজি বলে নিশ্চিত করা হয়।
ডিএনসি জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডিএনসি বাগেরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার বাদী এস. এম. জাফরুল আলম বলেন, গ্রেপ্তার নুরজাহান বেগমের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *