দিনাজপুর প্রতিনিধি।।
১১ আগস্ট ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক এর মাধ্যমে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে| দিনাজপুর কাহারোল উপজেলার সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়|

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান| সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম| সঞ্চালনা করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন| এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারি সার্জনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ| এছাড়াও ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ ও চিকিৎসা সেবা প্রদান করেন|

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আমরা গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষদের সাথে খুবই কম মেশার সুযোগ পাই, তাই আজকের এই আয়োজন একটি মহতী উদ্যোগ| গ্রামের এই প্রান্তিক পর্যায়ের কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি| শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কৃষকদের সাথে কথা বলে তাদের পালিত প্রাণীর সমস্যা গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে| এমনকি নতুন নতুন রোগ বালাই সম্পর্কে ধারনা লাভ করতে পারবে| তিনি আরও বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে আমাদের কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন| তাদের অক্লান্ত শ্রমের মাধ্যমে আমরা আমিষের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি| উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের দরজা সব সময় খোলা থাকবে, গবাদিপশুর যে কোন সমস্যায় আপনারা কোন দ্বিধা না রেখে আমাদের কাছে চলে আসবেন| আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি| আমরা আশাকরি প্রতিমাসে এ ধরনের কর্মসূচির আয়োজন করতে পারবো| পরিশেষে, তিনি এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন|

উল্লেখ্য, আজকে এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের ৪০০ টি গরু, ৪০০টি ছাগল এবং ১০০০টি হাস ও মুরগির স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদানসহ, বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়|

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *