দিনাজপুর প্রতিনিধি ॥
সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর শহরের মুন্সিপাড়াস্থ হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি সম্মুখ সড়কে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশজুড়ে নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সামাজিক ও আইনি প্রতিবন্ধকতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বক্তারা অবিলম্বে সকল নির্যাতন ও সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে নারী ও শিশুদের সুরক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সম্মানীত সদস্য কানিজ রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, রত্না মিত্র, সুমিত্রা বেসরা, সাধারন সম্পাদক রুবিনা আকতার, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিহা খাতুন, সদস্য শিবানী উড়াও, জেসমিন আরা, কবিজান প্রমুখ।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় নারী নেত্রীরা অংশ নেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *