ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাতিলগাঁও গোরস্থান নূরানী হাফিজিয়া আবাসিক মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. আব্দুল খালেক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা লোকমান হোসাইন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, কোষাধ্যক্ষ মো. ফুরকান সরকার এবং মাদ্রাসার মোতাওয়াল্লী মরহুম আকবর আলী সরকারের ছেলে মো. কামাল হোসেন সরকার।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি আদব-আখলাক, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের মনোযোগী ও পরিশ্রমী হওয়ার আহ্বান জানান।

পরে পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ও বিভিন্ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিচালক হাফেজ মাওলানা লোকমান হোসাইন অভিভাবকদের মতামত গ্রহণ করেন এবং তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *