নেত্রকোণা পৌরসভার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং পৌরসেবার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নেত্রকোণায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা: মো: আনোয়ারুল হক; জেলা পরিষদ, নেত্রকোণার সম্মানিত প্রশাসক মো: নুরুজ্জামান (এড.); নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম এবং নেত্রকোণা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা।
এছাড়াও সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় নেত্রকোণা পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নসহ পৌরসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও করণীয় বিষয়ে মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, গৃহীত সিদ্ধান্তের বিপরীতে পরবর্তী তিন মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং উন্নয়ন কার্যক্রমের কতটুকু অগ্রগতি সাধিত হয়েছে—তা পর্যালোচনার লক্ষ্যে তিন মাস পর পুনরায় মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নেত্রকোণা পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নাগরিকবান্ধব ও জনসেবামুখী পৌরসভা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

DC Netrokona পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *