· ·বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ইউজিসির হিট প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি (UTTA) আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান সোমবার, ২৪ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১:০০টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণই যথেষ্ট নয়, শিক্ষকদের আজীবন জ্ঞানচর্চা, জ্ঞান আহরণ, বিতরণ ও গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। একজন শিক্ষককে শুধু পাঠদান করলেই চলবে না, শিক্ষার্থীদের কল্যাণ ও বিকাশের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সুখ-দুঃখ, আপদ-বিপদে পাশে দাঁড়ানো এবং তাদের কাছ থেকেও শেখার মানসিকতা একজন আদর্শ শিক্ষকের অন্যতম গুণ। শিক্ষকতার পেশায় আনন্দ, মূল্যবোধ ও জ্ঞানসাধনার সমন্বয় ঘটাতে হবে।প্রধান অতিথি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে প্রয়োগের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব। দেশের উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শিক্ষকদের নতুন জ্ঞান, প্রযুক্তি ও পরিবর্তিত বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আনুষ্ঠানিক প্রশিক্ষণ শেষ হলেও জীবনের অনানুষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের পথ কখনো শেষ হয় না। ভবিষ্যতেও কর্মজীবন ও জীবনপথে একে অপরের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই শেখার ধারাকে অব্যাহত রাখতে হবে। সবশেষে তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন”।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি একটি বৈচিত্র্যময় ও গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রতি শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও সমাজের বিশেষ প্রত্যাশা থাকে। তাই শিক্ষকদের দক্ষ পাঠদান, নিরপেক্ষ মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ এবং ব্যক্তিজীবনে আদর্শ ও মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।তিনি বলেন, এ প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিক শিক্ষাদানের কৌশল অর্জনের বিষয় নয়; বরং পারস্পরিক অভিজ্ঞতা ও মতবিনিময়ের মাধ্যমে একজন শিক্ষক হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ ও রূপান্তরিত করার সুযোগ। ভবিষ্যতে দেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষককে এ ধরণের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় তিনি অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং প্রশিক্ষণ পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব ও বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমীর ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম এবং কোর্স পরিচালক ও বাউবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। স্বাগত বক্তব্য রাখেন হিট প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।বক্তারা বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নের কোনো বিকল্প নেই। নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের উচ্চশিক্ষার সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মধ্যে অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়। চার মাসব্যাপী অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্নকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানের অতিথিবৃন্দের কাছ থেকে এ সনদপত্র গ্রহণ করেন।এছাড়াও অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকৃত ও দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হিট প্রকল্পের আওতায় নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের পরিচালক শরীফ মোঃ শাহাবুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে ও মিডিয়া বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম ভুঁইয়ার প্রযোজনায় নির্মিত তথ্যচিত্রটিতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের চার মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম, জ্ঞানচর্চা, অভিজ্ঞতা বিনিময় ও বাস্তবভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য আয়োজিত সাংস্কৃতিক ও অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক ও তথ্যবহুল বিষয়ও এতে উপস্থাপিত হয়।অনুষ্ঠানে বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত. টিএম আহমেদ হুসেইনসহ ইউজিসির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউট/সেল/কেন্দ্রের প্রধানেরা, প্রশিক্ষক, সফলভাবে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্নকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং আমন্ত্রিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-প্রেস রিলিজ Post Views: 21 Post navigation ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ ·খুলনা বিভাগে “Integrated EPI, HPV, Open SRP and Health Program Review Workshop” অনুষ্ঠিত