আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশসহ বিশ্বের সব দেশে অভিবাসন ভিসার আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কনস্যুলার কর্মকর্তাদের জন্য ‘গভীর প্রশিক্ষণ’ আয়োজনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, যেসব আবেদনকারীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাদের কাছে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো ই-মেইল পাঠিয়ে জানাচ্ছে, তাদের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। পরে নতুন তারিখ ও সময় জানানো হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘একটি সমৃদ্ধ আমেরিকার অর্থ হলো- এটা নিশ্চিত করা যে, ভিসা আবেদনকারীরা যেন মার্কিন আইন ও প্রবিধান অনুযায়ী সরকারি বোঝা হয়ে না পড়েন এবং যোগ্য ও অভাবী আমেরিকানদের জন্য সংরক্ষিত মার্কিন সরকারি সুবিধার ওপর নির্ভরশীল না হন।’

তিনি জানান, চলতি মাসে পররাষ্ট্র দপ্তর একটি ‘বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি’ শুরু করেছে। এর উদ্দেশ্য হলো সব কনস্যুলার কর্মকর্তা যেন প্রতিটি ভিসা আবেদনকারীকে সমন্বিতভাবে ও একই মানদণ্ডে মূল্যায়ন করতে পুরোপুরি প্রস্তুত থাকেন।

এই স্থগিতাদেশ এমন এক সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার মার্কিন অভিবাসন নীতি কঠোর করার চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে ভিসা ও গ্রিন কার্ডের ওপর নতুন বিধিনিষেধ আরোপ এবং প্রায় সব ধরনের শরণার্থী পুনর্বাসন বন্ধ করার উদ্যোগও রয়েছে।

তবে কবে থেকে ভিসার সাক্ষাৎকার আবার শুরু হবে, সেই বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো সময়সীমা জানায়নি। তারা শুধু বলেছে, এই গভীর প্রশিক্ষণের ব্যবস্থা করতে ভিসা সেবার সাক্ষাৎকারগুলোর সময়সূচি পরিবর্তন করা হবে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ৭৫ দেশের অভিবাসন আবেদন স্থগিত করার নীতি স্থগিত করেন মার্কিন আদালত। প্রশাসনের ধারণা ছিল, এসব দেশের নাগরিকদের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি বেশি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *