দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর আল ফালাহ আম উন্নয়ন সংস্থায় জনসাধারণের অধিকার নিশ্চিত এবং স্থানীয় পর্যায়ে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনার দাবিতে সংস্থার প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন রাজবাটি এলাকার বাসিন্দারা। মানববন্ধন শেষে এলাকাবাসী আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কার্যালয় দখল করে নিয়েছেন।

মানববন্ধনে এলাকাবাসী জানায়, জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেয়া, চাঁদাবাজি বন্ধ, গরিব ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে হবে। এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী।

মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। ব্যানারে ‘মানববন্ধন’ শিরোনামে রাজবাটি এলাকাবাসীর পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, এলাকার সাধারণ মানুষ যাতে হয়রানি ও অনিয়মের শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। একই সঙ্গে চাঁদাবাজিসহ যেকোনো অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

এদিকে মানববন্ধন শেষে আল ফালাহ আম উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আব্দুল মান্নান সরকার ও সংস্থার সাবেক নির্বাহী পরিচালক মোঃ মমতাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষুব্ধ এলাকাবাসী
সংস্থার প্রধান কার্যালয়ে প্রবেশ করে কার্যালয়টি দখলে নেন। এ সময় স্ট্যাম্পে লিখিত নিয়ে কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয়া হয়।

তবে সংস্থার কার্যালয়ে প্রবেশ করার পর উশৃঙ্খল জনতা কয়েকটি জানালার গ্লাস ভাংচুর, কাগজপত্র তছনছ করেছে ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *