মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই নেতাকর্মিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আলোচনা সভা শেষে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মি অংশ নেন। তাদের হাতে ছিল দলীয় প্রতীক সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু।
তিনি বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রামের দল। স্বৈরাচারী শাসকদের নির্যাতন ও দুঃশাসনে যখন দেশ কোণঠাসা হয়ে পড়েছিল, তখন স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং দেশের উন্নয়নে দলের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুলসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *