নওগাঁ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বনায়নের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ১ নং হাজীনগর ইউনিয়নের হাসুরা মৌজায় বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় আয়োজিত চারা রোপণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন। বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় এ এলাকায় ২০ কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ বাগানে ১৫ প্রজাতির প্রায় ২০ হাজার চারা রোপণ করা হয়েছে। ক্রসড্রাম থেকে বেলট্রি মৌজার রাজ্জাক চেয়ারম্যানের জমি পর্যন্ত এবং ভায়া হাসুরা মৌজার শিবেরশ্বরের জমি থেকে পলাশের জমি পর্যন্ত খাড়ির উভয় পাড়ে এ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, দেশের সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিকল্পিত বনায়ন কার্যক্রম আরো সম্প্রসারণ করা প্রয়োজন। বিশেষ করে খাড়ি, সড়ক ও অন্যান্য উন্মুক্ত স্থানের পাশে বৃক্ষরোপণ একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটায়, অন্যদিকে মাটির ক্ষয় রোধ ও জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণেও সহায়ক ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণে বনায়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরো জোরদার করতে হবে। রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -ত.বি. Post Views: 19 Post navigation বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন–স্থানীয় সরকার মন্ত্রী দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে— পানিসম্পদ মন্ত্রী