ঢাকা : বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত Hakon Arald Gulbrandsen আজ বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ঢাকায় অবস্থিত নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান Alexander Falck-Bilden এবং নরওয়েজিয়ান দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা Sayeed Muntasir Bayzid উপস্থিত ছিলেন। বৈঠকে জ্বালানি খাতে, বিশেষত নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান এবং সবুজ বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বিদ্যুৎ খাতের স্বচ্ছতা আনতে, বিদ্যুতের সঠিক চাহিদা নিরূপণে দক্ষতা বৃদ্ধিতে ও সিস্টেম লস কমাতে পাওয়ারঅডিটিং-এ নরওয়ে সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতা কামনা করেন। অফশোর বিডিং এ অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি, সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগসহ বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে নরওয়ের চলমান অংশগ্রহণ এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি রোডম্যাপ অনুযায়ী টেকনোলজি ট্রান্সফার, কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বাংলাদেশের সাথে নরওয়ের দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য ধন্যবাদ জানান এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে নরওয়েজীয় বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ও জ্বালানি নিরাপত্তা জোরদারে নরডিক দেশগুলোর অধিকতর অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানায়। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বাংলাদেশের সাথে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা, বিশেষত অফশোর নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তি খাতে সম্পর্ক আরো গভীর করার ব্যাপারে নরওয়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে আরো সহযোগিতার ক্ষেত্র অন্বেষণে তাঁর সরকারের আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ জিয়াউল হক ও বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-ত.বি. Post Views: 28 Post navigation ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত “শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত